দেবীপক্ষে
By Kamalina Mukherjee
জ্যোৎস্নালোক স্তিমিত আজ, প্রজ্জ্বল দীপশিখা,
হাহাকারে মিশে ক্রন্দনধ্বনি, অভাগী ভাগ্যরেখা।
ভারতমায়ের কোল খালি করে মরেছে সোনার মেয়ে ,
মেরেছে সে নরখাদকগুলো – পুরুষ; আবার কে?
বলে কিনা সে রাতের বেলায় একা থাকা তার দায়!
শিশু ধর্ষণেও পোশাক, রাত - অজুহাত কত চায়?
উৎসবে ফিরে মত্ত সবে, মা আসছেন ধরায়-
ওরে সন্তান, মর্ত্য ভরেছে নারক নিষ্ঠুরতায়!
তাই এ বোধন - ধ্বংসসাধন - নির্দয় মুঠিতলে,
চণ্ডীমায়ের হাতেই পাপের নিধন হবে বলে।
লক্ষ্মী হয়েছে লক্ষ্মীছাড়া, সরস্বতী রণে,
দেবসেনাপতি ধনুরাস্ত্র সঁপে সৃষ্টিরক্ষা পণে।
এই শেষ বার হয় যেন তার মোক্ষম সমাপন-
নইলে বিপদ ঘনিয়ে এসেছে , কলঙ্কিত এই ক্ষণ।
অভয়দায়িনী মা যে মোদের সাজবে সে রণসজ্জায়-
মধ্যরাত্রে সন্ধিক্ষণে পাতকের বলি চায়।
তিথিরাও সবে মিলিয়েছে হাত , অভিযান আঁধারেতে -
মায়ের সাধনা রাত্রি জুড়েই রাতের দখল নিতে।
অশ্রু আজ শুষ্ক সবে , উষ্ণ রক্তধারা-
অসুর বিনাশে অস্ত্র হাতে মানব রমণীরা ।
কোমলতা যদি বিচার্য হয় দুর্বলতার কক্ষে-
জবাব দেবে রণরঙ্গিনী দুর্গা এ দেবীপক্ষে।।
By Kamalina Mukherjee

Comments