তোমার মতো কেউ পারে না !
By Tapas Kumar Bagchi
কবিতা
শিরোনামঃ তোমার মতো কেউ পারে না!
কলমেঃ তাপস কুমার বাগচী
আমার ফুলের বাগানে ফোটে কত না রঙ বেরঙের ফুল,
কেউ তো তোমার মতো মধুর গন্ধ ঢেলে আমায় পাগল করে না!
আমার আকাশে ওঠে কত না নাম না জানা গ্রহ-তারা,
কেউ তো তোমার মতো ভালবেসে আমার মন,
কাছে টানে না!
আমি যখন সুরলোকে সুর সাধি মগন হয়ে,
কেউ তো তোমার মতো একাত্ব হয়ে আমার সুরে,
সুর মেলায় না!
আমি যখন পূজা দেই, হারিয়ে যাই দেবী সাধনায়,
কেউ তো তোমার মতো আমার ভক্তপ্রণে,
প্রেমের ডাক পাঠায় না !
ঝুলন দিনে যখন মনে খুশির দোলন লাগে,
কেউ তো তোমার মতো দেহ-মন-প্রাণ সমর্পণ করে,
আমায় খুশি করে না!
নিশীথে যখন বিভোর থাকি রঙিন স্বপ্নে,
কেউ তো তোমার মতো আমার হৃদয়
বীণার তারে,
আনন্দে ঝঙ্কার তোলে না!
যখন বৃষ্টি নামে, আকাশে মেঘ ডাকে বজ্রনিনাদ শব্দে,
কেউ তো তোমার মতো আমার চিত্তবনে,
বন-ময়ূরীর পেখম মেলে না !
By Tapas Kumar Bagchi

Comments