শারদীয়া
By Gayatri Bose
ঐ যে মেয়েটা, বোতাম ছেঁড়া, নোংরা, কোঁচকানো একটা জামা পরে মন্ডপে মন্ডপে ঘুরে বেড়াচ্ছে,
আর একটা ছেলে যাকে ভাই বলে ডাকছে ,সেও প্রায় অর্ধ উলঙ্গ,
অবাক হয়ে দেখছে আলোর কেরামতি মণ্ডপে মন্ডপে,
হাত দিয়ে ছুঁয়ে যাচ্ছে মণ্ডপের কাপড় গুলোয়,
বোধ হয় হিসেব কষছে ঠিক কতটা গরিব ওরা!
আইসক্রিম পার্লারে দাঁড়িয়ে গাড়িওলা বড়লোকের ছেলে চকোলেট কর্ণেটো অর্ডার করছে, মা বাটার স্কচ আইসক্রিম পছন্দ করে বলে জোর করে মাকে খাওয়ানোর চেষ্টা করছে আইসক্রিম
কিছু আগেই শহরের বড় রেস্তোরাঁয় ডিনার সেরে বেরিয়ে আসা মা তখন অনিচ্ছুক আইসক্রিম খেতে,
কিন্তু প্রবল জায়মান এক ইচ্ছে নিয়ে ছেলেও তৎপর
তারপর দুজনেরই পেট ভর্তি। হাফ কাপ বাটারস্কচ আইসক্রিম তখন গলতে আরম্ভ করেছে, কেউ খেতে পারল না। বাবা বললেন– কি করবে খেতে না পারলে ,
ফেলে দাও।
দুটো নীরব চোখ দেখতে দেখতে হঠাৎই এগিয়ে এসে হাত পাতল, বলল– ও কাকু, আইসক্রিমটা আমাকে দেবে গো, ভাইটাকে দেব।
লোকটি বড় চোখ করে তাকিয়ে নিজের ছেলেকে বাটার স্কচ আইসক্রিমটা শেষ করতে বললেন
তারপর ওই ছেঁড়া জামায় অর্ধেক গা ঢাকা মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বললেন –চল্, তোদের আইসক্রিম কিনে দিই।
খানিক দূরে মন্ডপের প্রতিমার ঠিক সোজাসুজি এক মহিলা দাঁড়ানো প্রতিমার মুখ ঢেকে নিয়ে,
হাতে একটি ছোট্ট মেয়ে আর কোলে আরো ছোট একটি ছেলে, দূর থেকে ডাকলেন– কিরে তোরা দুটো কোথায় গেলি?
তখন দুই ভাই বোনের হাতে দুটো চকলেট কাপ আইসক্রিম। লোকটিকে বলল– কাকু, দুগ্গা মা ডাকছে। আমরা যাই?
মন্ডপের সোজাসুজি তাকিয়েই লোকটি দেখতে পেল ছেঁড়া, রঙ ওঠা, কাপড় পরা দুর্গা পরম স্নেহে আইসক্রিম ভাগ করে নিচ্ছেন।
শারদীয়ার ঢাক বেজে উঠল মন্ডপে মন্ডপে,
উলুধ্বনি, শঙ্খ ধ্বনি শুরু হল, সবার চোখ বন্ধ,
মায়ের দৃষ্টি ভোগ হচ্ছে,
গ্রহণ করো মা, আহার গ্রহণ করো।।
By Gayatri Bose

Comments