আমার হাড়ে গোরের মাটি
Updated: Jul 29, 2024
By Gayatri Bose
বিবর্ণ,কবন্ধ,পাংশুটে চেহারায় মৃত কবর–
গাছ পাখি লতাগুল্ম ছড়িয়ে ছিটিয়ে এপাশে ওপাশে,
একা কিশোর-হাত ধরে হাঁটতে গিয়ে থমকে দাঁড়ায়–
ছায়া দেখে নিজের,
কিছুটা পিছিয়ে আসে, সাথে সাথেই ওর ছায়াও আসে–
শালপ্রাংশু মনে হয় নিজেকে–
ফড়িং ওড়ে ওর চারপাশে,
আমি জানি বৃষ্টি হবে, কিশোরের হাত ধরে আমি বলি- বাড়ি ফিরে চল্, বৃষ্টি ভিজিস না।
কিশোর হাসে,বলে–‘আমার হাড়ে গোরের মাটি, দাঁড়াও আগে ধুই,
কাফনের সাদা কাপড়ে মুছে নিই হাড়গুলো,
দুপুরের শুকনো রোদে কিশোরের শরীরে চামড়া ফাটে,
কবরের মাটি ফাটতে শুরু করে,
আমি দেখি- চুপ থাকি,
আমি সাজিনি কতকাল, চিরুণি দিই নি চুলে,
কিশোরের চুলে তেল নেই, শুষ্ক, ধুলোর চাষ,
তবু কবরের মাটি আর কিশোর হাসে, গল্প করে, মাটি ছেনে নুড়ি কাঁকড় বাছে,
সার মিশিয়ে ঊষর করে কবরের মাটি,
কিছুপরে কিশোর ঘুমিয়ে পড়ে কবরের পাশে,
আমি জেগে থাকি
এক আকাশ ফ্যাকাশে জ্যোৎস্না কাটিয়ে আবার সকাল হয়–
দেখি কবরের মাটি ফুঁড়ে উঠে এসেছে একটি নতুন মৃতদেহ–
কিশোর পুনর্জন্ম নিয়েছে, ওর চুলে জট নেই,
ধবধবে কালো চুল নিয়ে কিশোর হাসছে মৃতদেহের কাঁধের মাটিতে হাত রেখে–
আমি চেয়ে চেয়ে দেখি আর চুপ থাকি, শুধু চুপ থাকি।।
By Gayatri Bose

Comments