আজও একটা জানলা খুঁজি
By Gayatri Bose
আজও একটা জানালা খুঁজি,দুরন্ত সব ডানাগুলো উড়িয়ে দেব তাই,
জঙ্গলের দূর্গে আমি একা বসে থাকি,
পালক নড়ে, ডানা কাটা, পড়ে থাকে জঙ্গলের পথে।
আমি ভাবি ঝর্ণায় বয়ে আসা শ্যাদলা পড়া পাথরগুলো কত দেখে,
বিবর্তন, বিসর্জন সমান করে আসর বসায় নদীর তীরে।
আমি ভাবি জঙ্গলের দূর্গে আমি একা।
পাশের বাড়ির আলোর নগ্নতা ঘিরে বেড়ে ওঠা কাঁচপোকা, উচ্চিংড়া দাপায় শুধু।
ওরাও কাটায় শ্রাবণ, ভারী অতিভারী বৃষ্টি,
আমি ভাবি জঙ্গলের দূর্গে আমি একা বসে ঝিমোই।
কত কাক-চিল ওড়ে, মাছরাঙা মুখে মাছের বদলে গাছপাতা তোলে,
আমি খাওয়া ভুলে দূরে র দূর্গে জ্বর নিয়ে বসে একা।
পাখিগুলো হাঁটু ভাঁজ করে ওড়ে আবার হাঁপায়,
কিছুটা এগিয়ে মুখ থুবড়ে প’ড়ে আবার ওড়ে,
জানিস শিশির,আমি একা একা বসে আছি হঠাৎ শিখরে
উত্তরণ, না বিবর্তন–
আমার একা বসে খাওয়া চায়ের কাপে মরা মাছিটা ভাসছে,
আমার ভীষণ জ্বর, হাঁটু মুড়ে শুয়ে আছি মূক কীটের মতো।
আকাশ থেকে অনির্দিষ্টকালের জন্য অন্ধকারে র অবরোধ শুরু হল।
আমি একা বসে আছি জঙ্গলের দূর্গে।
আমি একা বসে আছি জঙ্গলের দূর্গে।।
By Gayatri Bose

Comments