top of page

Sei Raat - By Swarnendu Biswas

3 hours ago
11 min read

Written By: Swarnendu Biswas

Category: Fiction horror

Competition: Poetry and Creative Writing Competition 2026

Swarnendu Biswas, known by his writing name Sei Raat, brings us "Sei Raat," an engrossing piece of horror fiction. This submission is part of the Poetry and Creative Writing Competition 2026 hosted by Hashtag Kalakar. The narrative unfolds in the shadowy corners of a night, capturing the essence of fear and suspense. Set against the backdrop of a lone, eerie train journey, "Sei Raat" delves into themes of vulnerability, courage, and the fight for survival, all encapsulated in the haunting silence of the night.

About the Work

"Sei Raat" paints a vivid picture of a young woman's harrowing experience during a nocturnal train ride. The story is imbued with a palpable sense of dread, as the protagonist navigates a landscape fraught with danger and unpredictability. Swarnendu Biswas skillfully employs imagery and tension to convey the chilling atmosphere, while exploring the protagonist's inner strength amidst adversity. The narrative's unsettling mood and suspenseful pacing keep readers on edge, reflecting the darker sides of human nature and resilience.

Sei Raat

Original Submission by Swarnendu Biswas

প্রথম পর্ব

দৌড়তে দৌড়তে কোনও রকমে ৪ এর এ প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনটাতে উঠে পড়ে শিউলি । প্রায় সাথে সাথেই ট্রেন ছাড়ার বাঁশি শোনা গেল ।

আর একটু দেরি হলে দত্তপুকুর লোকালটা পেতো না সে । তেমন কিছু হলে তাকে বনগাঁ লোকালে ফিরতে হতো । এই ট্রেনটাতেও বেশ ভিড়, তবে একটু ভদ্র ভাবে দাঁড়ানো যায় । ৯.৫২র বনগাঁ লোকালে ফেরা মানে, দমবন্ধ করা ঘিন ঘিনে ভীড়ের মধ্যে চিড়ে চ্যাপ্টা হওয়া তো আছেই তাছাড়াও কত রকম বাজে পরিস্থিতির মধ্যে পড়েছে যে সে । ক্যান্টনমেন্ট স্টেশন ছাড়ার কিছু পরে লোডশেডিং । ফাঁকা মাঠ কি বিলের পাশে অন্ধকারে ট্রেন দাঁড়িয়ে ।

অন্ধকারে ট্রেন ভর্তি এই ভিড়টাকে কোনো অপদেবতা মনে হয় । সেই অপদেবতা নানা অছিলায় তার শরীর ছুঁতে চায় । কখনও পিঠে,কোমরে কোনও কাপুরুষের হাতের স্পর্শ,কখনও বা কেউ শরীর ঠেসে ধরে ভিড়ের সুযোগ নিয়ে।যেন তার পুরো শরীরটাই পুরুষাঙ্গ ।

হ্যাঁ ভালো মানুষও আছে, এমন অনেক মানুষও দেখেছে, যারা গোটা ভিড়ের চাপ সামলে তাকে আগলে রেখেছে ।

এই ভিড়ই বা শুধু কেন? বৈঠক খানা রোডে যে প্রিন্টিং প্রেসে সে কাজ করে, সেখানকার ম্যানেজার, ক্যাশিয়ার এরকম সব লোকেরাও নানা অজুহাতে তাকে ছুঁতে চায়, কখনও আঙুল ছুঁয়ে দেয়, কখনও একেবারে হাত ধরে ফেলে । এর থেকে বেশি বাড়াবাড়ি অবশ্য কাপুরুষগুলো করেনি । তবে সুযোগ পেলে করবে না এমনও নয় ।

যেমন গত সোমবার মাইনে হলো । ম্যানেজার বাবুকে দীর্ঘদিন বলে আসছে মাইনে বাড়ানোর কথা । সেদিন আরও একবার বললো । লোকটা সটান বলে দিল আজ কাজের পর একটু অপেক্ষা কর, কথা আছে । শিউলি বলল এখন বলুন । লোকটা তাতে করে শিউলিকে এমন তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে জরিপ করল যার মানে এত দেমাক কীসের?

শিউলি আর কথা বাড়ায় নি । এই কাজটা তার খুব দরকার, না হলে কবে ছেড়ে দিত । দীর্ঘশ্বাস পড়ে শিউলির । তা ছাড়া তার ভাই পড়াশুনোয় এত ভালো! এবার টুয়েলভ ক্লাসে উঠলো, উচ্চ মাধ্যমিক দেবে ।

শিউলি বছর ছাব্বিশের দোহারা চেহারার তরুণী ।ভাই আর মা তার জগৎ । বেশ ছোটবেলায় সে বাবাকে হারিয়েছে । ট্রেনের হকার, সেই ট্রেনেই কাটা পরে মারা গেল । ট্রেনে উঠতে তাই এক সময় সে রীতিমত ভয় পেত । একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে, তার বুক ছেড়ে ।

দিদি বসুন, চিন্তার প্রবাহ বাধা পায় ।

বিরাটি ।

মুখে হাসি এনে শিউলি বসে ।

যাক কিছুক্ষণ একটু পা ছাড়বে । বারাসত এখনও ৫ টা স্টেশন পর, প্রায় কুড়ি মিনিট ।

স্টেশনে যখন সে নামল ঘড়ির কাঁটায় তখন ১১.১৫।

এই ট্রেন থেকে নামা লোকের ভিড় চলে গেলে স্টেশন সুনশান ।

দ্রুত পা চালিয়ে ওভার ব্রিজ থেকে এক নাম্বার প্ল্যাটফর্মে নামে শিউলি ।

কয়েকটা কুকুর ছাড়া আর কোনও প্রাণী নেই । আজ যেন একটু বেশি ফাঁকা লাগছে । কুকুরগুলো শিউলির পরিচিত । শিউলিকে দেখেই মুখ তুলে লেজ নাড়তে নাড়তে হাজির ।

চায়ের দোকান থেকে কিছু বিস্কুট কিনে কুকুরগুলোকে দেয়া তার অনেক দিনের অভ্যাস । বেলি, বল্টু আর কালু আর লালি । কালু কালু কোথায়?

বাকি কুকুরগুলো কি বুঝল কে জানে, কয়েকবার কুই কুই করে লেজ নাড়িয়ে এদিক সেদিক তাকিয়ে আবার খাওয়ায় মন দিলো । কালু এদের মধ্যে একটু ছোট, কিন্তু বেজায় তেজী ।

সাইকেল স্ট্যান্ডে সাইকেল নিতে গিয়ে সে দেখে টায়ার পাংচার ।

এত রাতে কাকে দিয়ে ঠিক করাবে ?

মনে ভাবে ঠিক আছে, হাঁটতে হাঁটতে চলে যাই ।

রোজকার চেনা রাস্তা মিনিট ১৫ হাঁটলেই পাড়ায় পৌঁছে যাবে ।

একে একে পাশ দিয়ে অল্পসংখ্যক রিকশা, ভ্যান চলে যায় ।

অমাবস্যা নাকি।

হবে হয়তো!

কোর্টের মাঠের এদিকটায় একদম আলো নেই ।

ওই তো ওই খানে মোটর ভেহিক্যাল এর অফিসের সামনে একটা জোরালো হলুদ আলো । কিন্তু সে পর্যন্ত হেঁটে যেতে বেশ খানিকক্ষণ সময় লাগবে ।

আজ একটু বেশিই অন্ধকার, তার মধ্যে অক্টোবরের রাতের কুয়াশা, বিশেষ করে মাঠের দিকটায় জমে থাকা অন্ধকার এমন ঘন কুয়াশার চাদর পড়ে আছে, মনে হচ্ছে যেন কোনও এক বিরাট প্রেত, আর সেটা খুব মন দিয়ে শিউলির দিকেই তাকিয়ে আছে । মাঠের পাশ বরাবর সাড় দিয়ে দাঁড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন বিশাল গাছগুলোও আজ স্থির, নীরব দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একটা ঝড় থমকে আছে তাদের নিস্তব্ধ নিশ্চল পাতাগুলোর মধ্যে ।

চারপাশের অস্বাভাবিক নীরবতায় অজানা আতঙ্কে এই শীতেও শিউলির হাতের তালু ঘামছে, গলা শুকিয়ে আসছে।

সে একটু দ্রুত হাঁটতে লাগে । সাইকেল নিয়ে জোরে হাঁটতে অসুবিধা হয় । অন্ধকারে রাস্তার গর্ত চোখে পড়ে না ।

এমন সময় খানিক দূরে পিছনে কয়েক জোড়া শিকারীর মতো ধীর সাবধানী পায়ের শব্দ ।

প্রথমে অগ্রাহ্য করলেও একটু পরে পিছন ফিরে দেখে দুজন মানুষ অন্ধকারের মধ্যে প্রায় মিশে আছে । শুধু মাত্র তাদের চলার ধরন, চকচকে ছুরির মতো দাঁতের সারি দেখে বোঝা যায় তারা মানুষ আর তার একটু পিছনেই আছে ।

পরিচিত দুর্ঘটনার আশঙ্কায় শিউলির বুক ধড়ফড় করে , তার হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় ।

সাইকেলের হ্যান্ডেল শক্ত করে ধরে চলার গতি বাড়িয়ে দিল শিউলি।

পিছনে ধেয়ে আসা পায়ের শব্দও যেন দ্রুত হয়ে ওঠে ।

শিউলি নিশ্চিত হয় ওরা তাকেই অনুসরণ করছে ।

এখন উগ্র দেশি মদ আর সস্তা সেন্টের ঝাঁঝালো গন্ধ নাকে আসছে ।

শিউলি বিপদ আন্দাজ করে । তার মনে হলো চারপাশের জমে থাকা কালো পাথরের মতো ঘন অন্ধকার তার উপরেই চেপে বসতে চাইছে ।

বিপদের পায়ের শব্দ এখন ঠিক তারই পিছনে ।

সাইকেল ফেলে দিয়ে শিউলি দৌড়তে থাকে।

এই দাঁড়া! এ শালী যে পিটি ঊষা । সাথে পচা দাঁত বেড় করা লালসায় ভেজা বিশ্রী হাসি আর গালাগাল ।

গা গোলানো উগ্র গন্ধের মিশেল একেবারে শিউলির ঘাড়ের উপর তপ্ত নিঃশ্বাস ফেলল ।

ঠিক তখনই সজোরে একটা ধাক্কা অনুভব করে শিউলি পিঠে ।

শিউলি পিচের রাস্তার উপর ছিটকে পড়ে ।

শিউলি পড়ে গিয়ে বাঁচাও বলে প্রাণপণে চেঁচিয়ে ওঠে ।

সাথে সাথে অশ্রাব্য গালি গালাজ ।

এই যে হিরোইন অনেক নাটক করেছো, এবার ভালোয় ভালোয় মুখ বন্ধ করে আমাদের ঠেকে চল , আমাদের একটু ফুর্তি করতে দাও । মনে কর আমরা এটা ট্যাক্স নিলাম, এই যে সারাদিন ফুর্তি করে এত রাতে বাড়ি ফিরছ নাকি কোনও নাগরের বাড়ি যাচ্ছ কে জানে, মনে কর তার ট্যাক্স!চিন্তা নেই ভালো মেয়ে হয়ে থাকলে সক্কাল সক্কাল বাড়ি পৌঁছে দিয়ে আসবো । তাও সসম্মানে । আর বাড়িটাও চিনে আসব । মাঝে মাঝে আসতে হবে তো! বলে লোকটা কদর্য ভঙ্গিতে হেসে ওঠে ।

মালটাকে কাঁধে তোল বিট্টু । যে ধাক্কা দিয়েছিল সে হুকুম করে ।

লোকগুলোর মুখ থেকে যেমন বিশ্রী মদ আর গাঁজা মেশানো গন্ধ আসছে, তেমনই তাদের মুখের ভাষা ।

গা গুলিয়ে ওঠে শিউলির ।

মনের সমস্ত জোর এক করে উঠে দাঁড়ানোর চেষ্টা করে শিউলি ।

কোথায় যাচ্ছিস? চল আজ তোর ফুলশয্যা করব!

আরে ধুর ফুলশয্যা কিরে, এ মাল আগেই উৎসুজ্ঞ হয়ে গেছে মনে হচ্ছে বিশুদা , বিট্টু বলে ।

শিউলি দুই হাত মাটিতে ভর দিয়ে পা ঘষে ঘষে পিছিয়ে যায় ।

বিশু শিউলির উপর ঝাঁপিয়ে পড়ে ।

বিট্টু মাথার কাছে গিয়ে শিউলির হাত চেপে ধরে ।

শিউলির হাত পিচের রাস্তায় ঘষে ছড়ে যাচ্ছে, ভীষন ব্যথা লাগে তার, ব্যথায় সে জোরে চেঁচিয়ে ওঠে ।

শরীরের সমস্ত শক্তি এক করে সে সজোরে লাথি কষায় লোকটার বুক লক্ষ্য করে । লোকটা ছিটকে পড়ে যেতে, বিট্টু নামের শয়তান সামনে তাকিয়ে ভীষণ ভয় পেয়ে আঁতকে ওঠে ।

ঠিক তখনই অন্ধকারের বুক চিরে একজোড়া জ্বলন্ত হলুদ আলো ঝাঁপিয়ে পড়ে তার উপর ।

শিউলি দেখে কালু! স্টেশনে তখন কালু বলে বেশ কয়েকবার ডেকে ছিলো । এখন সে ঠিক পিছন পিছন এসছে ।

বিট্টু শিউলিকে ছেড়ে কালুর থেকে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে ।

শিউলি ছাড়া পেয়ে দিকবিদিক শূন্য হয়ে দৌড়ায় ।

শিউলি বোঝে তার সাহায্য দরকার, না হলে খুব খারাপ কিছু হতে পারে । বাড়ি এখনও অনেকটা ।

শিউলি অন্ধকারের জগদ্দল পাথর সরিয়ে শুধু প্রাণপণে ছুটতে থাকে যেন পিছনের অন্ধকার তাকে গিলে ফেলবে ।

মোটর ভেহিক্যালসের পাশ কাটিয়ে জেলা প্রশাসনিক ভবনের গেটের সামনে এসে জোরেজোরে ধাক্কা দেয় সে ।

কিন্তু রাতের কোনও গার্ড তার চোখে পড়ে না ।

ওদিকে এতক্ষণ যে কালুর প্রবল চিৎকার সে শুনতে পাচ্ছিল হঠাৎই সেই চিৎকার থেমে যায় ।

প্রশাসনিক ভবনের গার্ডের কোনও সাড়া না পেয়ে আর একটু এগিয়ে যায় । আর একটা একটু পুরনো ধরনের বাড়ির সামনে এসে পড়ে ।

বাইরে থেকে যেন মনে হচ্ছে ভিতরে আলো জ্বলছে । এই বাড়িটার কথা সে জানে । হেস্টিংস এর তৈরি বাগান বাড়ি । কিন্তু এখন তো পরিত্যক্ত ।

ভিতরে কারা আছে?

ভিতরে যারা আছে ওদেরকে কি ডাকবে? নাকি বাড়ির ভিতর কোথাও লুকিয়ে থেকে রাতটা কোনও রকমে কাটিয়ে দেবে ।

বাড়ির বাইরেটা ভীষণ অন্ধকার আর নিস্তব্ধ । ঝিঝি পোকার ডাকের আওয়াজ হঠাৎই অনেকটা বেড়ে গেল । ভিতর থেকে ক্ষীণ হলুদ আলো আসছে । সেই আলো লক্ষ্য করে শিউলি এগিয়ে যায় ।

একটা সরু অন্ধকার গলি, মনে হয় কোনও ঘরে ঢোকার রাস্তা । নিচু ছাদ, প্রায় মাথায় লেগে যায় । চোখে মুখে মাকড়শার জাল সরিয়ে সাবধানে এগোয় শিউলি ।

এরকম অন্ধকারের একটা আলাদা গন্ধ থাকে । চটচটে সাৎসেতে গন্ধ। কত যুগের ভেজা কাঠ, নিশাচর প্রাণীদের বিষ্ঠা, বাদুড় চামচিকে ভাম জাতীয় প্রাণীদের থাকার জন্য ।

কিছু একটা পায়ে লাগায় হোঁচট খেয়ে পড়ে যায় শিউলি ।

অন্ধকারে হাত দিয়ে বোঝার চেষ্টা করে । চটের বস্তা, সে উঠে দাঁড়িয়ে ঠাওর করে এরকম আরও অনেক বস্তা পর পর রাখা আছে ।

এটা কি কোনও গুদাম ঘর । যাক গে । কোনও মতে আজ রাতে লুকানোর জায়গা চাই তার ।

আরও একটু এগোতে শিউলি হালকা গানের আওয়াজ তার সাথে নানান বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল ।

দ্বিতীয় পর্ব

১৮২০ দশকের কোনও এক সন্ধ্যে । বাইজি নাচ আর সঙ্গীতের মূর্ছনায় সবে মৌতাত লেগে এসেছে সাহেবদের চোখে । তিন সাহেব, উড, রোজ আর ইডেন । এর মধ্যে ইডেন বারাসত ইন্ডিগো ডিস্ট্রিক্টের প্রশাসনিক কর্তা । বাকি দুইজন নীলকর ব্যবসায়ী । উডের দাদন বারাসাত পরগনার কলপুকুর অঞ্চলে আর রোজের বনমালিপুর ।

দুইজনই প্রচণ্ড অত্যাচারী ও ব্যভিচারী বলে কুখ্যাত ।

নাচের বিভঙ্গে সাহেবদের চোখে নেশা ধরিয়েছে যে দুই নর্তকী তাদের নাম চম্পা আর ডালিয়া । তাদের নাচ দেখতে কলকাতা থেকেও সাহেবরা আসে।

আর আছে বেশ কিছু দেশীয় সম্ভ্রান্ত শ্রেণীর মানুষ ।

সূরা সুর আর নাচের ছন্দে গোটা ঘর মাতোয়ারা । সাহেবদের চোখ রক্তবর্ণ । ছাদ থেকে ঝুলে থাকা ঝাড় লন্ঠনের সোনালি আলোয় ঘরে যেন মাদকতার বন্যা বইছে ।

এমন সময় দরজার দিকে তাকিয়ে নাচ থামিয়ে দাঁড়িয়ে পড়ে চম্পা ।

বাদ্যকারের দল, ডালিয়া সবাই সেদিকে তাকায় । প্রত্যেকে পাথরের মতো স্থির ।

হঠাৎ এই অপ্রত্যাশিত ছন্দ পতনে উড ও অন্য দুই সাহেব ভয়ানক বিরক্ত হয় । উড বাকি সকলের দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকিয়ে বিস্ময়ে বোবা হয়ে যায় ।

তার সাথে পুরো ঘরের সকলে সেদিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে থাকে ।

অন্ধকার পথ পেড়িয়ে মেঝেতে রাখা বড় বস্তা, মাটির গামলায় ধাক্কা খেতে খেতে আলোকোজ্জ্বল বিশাল সুদৃশ্য একটা ঘরে পৌঁছাল । ঘরের ছাদ এখানে অনেকটা উঁচু । সৌখিন দামি আসবাবে সাজানো ।

সেখানে পৌঁছে শিউলির প্রচণ্ড ঠান্ডা লাগলো, যেন কোনও হিমশীতল অঞ্চলে পৌঁছে গিয়েছে সে। চারপাশে এত সুন্দর দৃশ্য থাকা সত্ত্বেও সেখানে বহু যুগ ধরে বন্ধ ঘরের মতো, ভ্যাপসা পচনশীল দেহের গন্ধ ।

তার গা গুলিয়ে উঠল । যেন কোনও লাশ কাটা ঘরে সে দাঁড়িয়ে আছে । আর প্রবল ঠান্ডা তার হাড় অব্দি অবশ করে দিচ্ছে । তার সাথে ঘরের বাতাস থমকে আছে । শিউলি লক্ষ্য করলো ঝাড় লণ্ঠনের মোম বাতি গুলোর শিখা নিষ্কম্প, স্থির ।

একি নতুন চিড়িয়া নাকি রায়! বাহ বেশ ভালো জোগাড় করেছ তো? চোখ লোভে চক চক করে ওঠে রোজ সাহেবের ।

এই সাবধান সবার আগে আমি , আমি তোমাদের বস!

এসো এসো সুন্দরী! বলে ইডেন উঠে দাঁড়াতে যায়।

টলমল পায়ে ইডেন দাঁড়ানোর আগেই তার হাত ধরে এক টানে বসিয়ে দেয় উড ।

কোম্পানিকে, কে সব থেকে বেশি কর দেয় ?

আমি , আমি দিই । এই গোটা ইন্ডিগো ডিস্ট্রিক্টে আমার থেকে কে বেশি দাদন দেয়?

তিন সাহেব নিজেদের মধ্যে ঝগড়ায় ব্যস্ত হয়ে পড়তে ডালিয়া সানাই বাদক লোকটিকে ইশারা করে । সে এক বিশেষ সুরে সানাই বাজাতেই কোথা থেকে জনা দশেক লোক লাঠি বল্লম নিয়ে ঝাঁপিয়ে পড়ে সাহেবদের উপর ।

তাদের মধ্যে একজন রোগা পাতলা কালো মতন ক্ষয়িশ্নু চেহারার বল্লম ছুড়ে মারে রোজ সাহেব কে লক্ষ্য করে । বল্লম রোজের শরীরে গেঁথে যায় ।

মুহূর্তের মধ্যে আস্ফালন আর্ত চিৎকার, ও কোলাহলে ঘর ভরে ওঠে । অপ্রস্তুত এবং মদের ঘোরে বেসামাল সাহেব তিনজন উপর্যুপরি আঘাতে প্রাণ হারায় ।

এতদিনে প্রতিশোধ !

চম্পা ছুটে এসে জড়িয়ে ধরে ডালিয়াকে ।

আর সেই রোগা চেহারার লোকটা এক টানা তাকিয়ে থাকে শিউলির দিকে ।

এতক্ষণ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে ঘটনা প্রবাহ বিষ্ফারিত চোখে দেখছিল শিউলি, প্রথমে ভেবেছিল হয়তো কোনও নাটকের মহড়া চলছে, কিন্তু একি, এ তো সত্যিকারের খুনোখুনি হচ্ছে তার সামনে । সত্যিকারের রক্ত, সত্যি কারের অস্ত্র । সে কি করবে এখন ? বাঁচার জন্য এখানে আশ্রয় নিয়েছিল, এখন যদি ওই লোকগুলো তাকেই মেরে ফেলে?

একটা লোক আবার অনেকক্ষণ ধরে তাকেই দেখছে!

তখনই বিশ্রী একটা ফিচেল হাসিতে তার চটকা ভাঙে ।

এই যে রানি, ঠিক ধরেছি, তুমি এখানে এসে লুকিয়েছো!

তা বেশ করেছো, এটা বেশ ভালো জায়গা । তা বয়ফ্রেন্ড নিয়ে আসা হয় নাকি এখানে! বল না বল!

শিউলি ওদের চোখে ভাষায় বুঝল শিউলি যা দেখছে ওরা তার কিছু দেখতে পাইনি, শিউলির মনে হলো ও জ্ঞান হারাবে! তার পরক্ষণেই মনে হলো না তাকে শক্ত থাকতেই হবে, না হলে এই শয়তান দুটো তাকে অনন্ত অন্ধকারে ছুড়ে ফেলে দেবে ।

শিউলি আবার সামনে ফিরল । দেখল তিনজন সাহেবের রক্তাক্ত দেহ মেঝেতে বিছানো কার্পেটে পড়ে আছে । আর সেই ভিড়ের মুখে হর্ষ জয়ল্লাস ।

শিউলির চোখাচোখী হলো ডালিয়া আর চম্পার সাথে । তাদের মুখে মুক্তির হাসি, কিন্তু কোথাও যেন একটা বেদনা মিশে আছে, অসহায়তা মিশে আছে সেই হাসিতে ।

চম্পা আর ডালিয়ার দুই পাশে লাঠি বল্লম হাতে আরও যারা দাঁড়িয়ে আছে, তাদের চেহারা বলে দেয় তারা অত্যন্ত গরীব , পরনে হাঁটু অব্দি জীর্ণ ধুতি, খালি গা । আচ্ছা ওদের কি একটুও ঠান্ডা লাগছে না । শুধু শিউলিরই ঠান্ডা লাগছে, তাহলে কি ? না তাহলে কে? ওরা কি ? ওরা কারা? গা কাঁটা দিয়ে ওঠে শিউলির!

আর সেই লোকটা! একি! এতক্ষণ তো লোকটা খালি গায়ে খাটো ধুতি পড়ে দাঁড়িয়ে ছিলো, এখন একটা নীল চেক শার্ট, আবার প্যান্ট পড়া, ধুতি নয় । বাম দিকের পা এত নড়ছে কেনো? লোকটাকে হঠাৎ খুব চেনা লাগে শিউলির, কোথায় যেন দেখেছে, কোথায় কোথায়? কিছুতেই মনে পড়ছে না । বাম পা টা অস্বাভাবিক রকম দুলছে, নাকি আদেও বাম পা টাই নেই । আরও একবার খুব ভালো করে বোঝার চেষ্টা করে, মনে করার চেষ্টা করে, ওরকম নীল চেক শার্ট কোথায় দেখেছে, কোথায়! লোকটার কালো চুল বড় ঝুলপি! একি! এ যে তার বাবা । হ্যাঁ অবিকল এক জামা, একই মুখ । বাবা বলে ডুকরে কেঁদে ওঠে সে । এগিয়ে যেতে চায় সেইদিকে ।

বাবার কি ঠান্ডা লাগছে না, অথচ শিউলির এত ঠান্ডা লাগছে কেন?

এদিকে শয়তান দুটো ধীর পায়ে একটু একটু করে এগিয়ে আসছে শিউলির দিকে । যেমন করে কোনও শিকারি পশু তার শিকারকে পুরোপুরি না মেরে তাকে নিয়ে আগে খানিকক্ষণ খেলা করে ঠিক তেমন করে বিশ্রী লোলুপ দৃষ্টি আর থাবা বাড়িয়ে এগিয়ে আসছে ওরা ।

আহ ওই শয়তান কুকুরটা অনেকটা আঁচড়ে দিয়েছে, খুব জ্বলছে রে । বিশু বলে ।

যেমন আঁচড়ে দিয়েছে, চাকুর পোঁচ একেবারে গলায় চালিয়ে দিয়েছি, আর কাউকে আঁচড়াতে হবে না । বিট্টু কর্কশ হাসে ।

শিউলি বুঝল ওরা কালুকে মেরে ফেলেছে, একবার দলা পাকানো কান্না তার গলার কাছে উঠে এলো । আহা বেচারা ছোট একেবারে!

আর উপায় নেই এবার শয়তান দুটো ওকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, শিউলির মনে হলো শেষ বার করে চিৎকার করে, শিউলি জোরে চেঁচিয়ে উঠল, কিন্তু তার মুখ দিয়ে একি শব্দ বেড়িয়ে এলো! সে চেঁচিয়ে বলল কালু…. আমায় বাঁচা ।

ঠিক তখনই বিশাল বড় কালো একটা কুকুর ঘড় ঘড় আওয়াজ করতে করতে সেই ঘরে এসে ঢুকলো । তার গলা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে । প্রচণ্ড জিঘাংসা নিয়ে লোক দুটোকে দেখতে লাগলো ।

কালু! নাকি কালুর মতো দেখতে সেই অবয়ব বৃত্তাকারে লোক দুটোর চারপাশে ঘুরতে লাগলো ।

জিভ অস্বাভাবিক লাল, তীক্ষ্ণ দাঁতের ফাঁক দিয়ে লালা ঝরছে ভীষণ রকম ।

একি! এটা কোথা থেকে এলো!

বিট্টু বলল বিশু দা পালাও । এখানে খুব অন্য রকম কিছু ঘটছে । ওটা কুকুর নয়, অন্য কিছু, ভয়ার্ত গলায় বিট্টু বলে ।

বিশু প্রচণ্ড ঘাবড়ে গিয়ে মরিয়া হয়ে আরও একবার চাকু বাগিয়ে ধরতেই কুকুরটা জোরে এক হুঙ্কার ছাড়লো । ওরা ভয় পেয়ে পিছিয়ে গেল, তারপর পালানোর জন্য পিছন ঘুরতে যাবে তখনই কালু তার প্রকাণ্ড শরীর নিয়ে বিশুর টুটি লক্ষ্য করে ঝাঁপ দিলো । এবং মুহূর্তের মধ্যে লোকটার গলা ছিন্ন ভিন্ন করে দিল। বিট্টু বেগতিক দেখে পালাতে যাবে এমন সময় পিছন থেকে কুকুরটা বিশুকে ছেড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে ।

শিউলি এতক্ষণ এসব দেখে তার স্নায়বিক শক্তি হারাল, সে জ্ঞান হারানোর মুহূর্তে শুধু দেখল সেই আলোকোজ্জ্বল ঘরের এক কোণ থেকে চম্পা আর ডালিয়া তার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে, সেই হাসিতে যে ঠিক কি ছিলো শিউলি বুঝতে পারেনি ।আর করুণ দৃষ্টিতে হাসছে -তার বাবা । জীবন মৃত্যুর মাঝখানে ঝুলে থাকা কি একেই বলে!

ভোরের নতুন সূর্যের আলো শিউলির চোখে মুখে পড়তে তার জ্ঞান ফেরে । চোখ খুলে তার পায়ের কাছে দেখে দুটো লোকের দেহ পড়ে আছে , সারা ঘরে চাপ চাপ রক্ত । আর আছে তার পায়ে, হাতের তালুতে গাঢ় নীল রং । সারা ঘরে আর কোথাও কিচ্ছুটি নেই, সারা ঘরে আর কোথাও কেউ নেই ।

About the Competition

The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar invites writers and poets from around the globe to showcase their talents. This prestigious event celebrates creativity and literary excellence, offering a platform for participants to share their unique voices and stories. With a focus on diverse genres and themes, the competition seeks to foster a vibrant community of artists and writers, encouraging the exploration of new ideas and perspectives.

We extend our heartfelt thanks to Swarnendu Biswas for sharing "Sei Raat" with us as part of the Poetry and Creative Writing Competition 2026. Your contribution to the world of horror fiction is truly appreciated, and we hope to see more of your captivating storytelling in the future.

About Hashtag Kalakar

Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page